ইংরেজি অভিধানে বর্ষসেরা শব্দ ‘এআই’
কলিনস ডিকশনারির বিচারে ২০২৩ সালের সেরা শব্দ নির্বাচিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ ‘এআই’। ঘোষণাটি এমন সময় এল, যখন এই ক্ষমতাবান প্রযুক্তি থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার পাশাপাশি এর ঝুঁকিগুলো কমিয়ে আনার লক্ষ্যে ১০০ জন বিশ্ব নেতা, প্রযুক্তি টাইকুন, শিক্ষাবিদ ও গবেষকদের জন্য এআই সম্মেলন আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী ঋষি সুনাক।
অনলাইন ও প্রিন্ট সংস্করণে প্রকাশ পাওয়া গ্লাসগোভিত্তিক এই অভিধান কলিনসের লেক্সিকোগ্রাফাররা জানিয়েছেন, চলতি বছর মানুষের কথোপকথনে এআই শব্দটির ব্যবহার বেড়েছে চার গুণ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ডিকশনারি প্রকাশনা সংস্থাটি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফট বলেন, আমরা জানি, এ বছর এআই’র ওপর অনেক বড় আকারে নজর দেওয়া হয়েছে। এটি দ্রুত বিকশিত হয়েছে এবং আমাদের জীবনে ই-মেইল, স্ট্রিমিং জাতীয় দৈনন্দিন প্রযুক্তিগুলোর মতো সর্বব্যাপী ও সংযুক্ত হয়ে উঠেছে।
কলিনস ডিকশনারি জানিয়েছে, তাদের শব্দনির্মাতারা কলিনস করপাস বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন। এটি এমন একটি ডেটাবেস, যাতে দুই হাজার কোটির বেশি শব্দ এবং বিশ্বজুড়ে প্রকাশিত বিভিন্ন ওয়েবসাইট, সংবাদপত্র, ম্যাগাজিন ও বইয়ের লিখিত উপাদান রয়েছে।
এই প্রসঙ্গে বিবিসি চ্যাটজিপিটি’র মন্তব্য জানতে চাওয়ার পর এআই চ্যাটবটটি বলেছে, “কলিন্স ডিকশনারিতে এআই বছরের সেরা শব্দ হিসেবে বাছাই হওয়ার মাধ্যমে ইঙ্গিত মেলে, আমাদের বিবর্তিত পৃথিবী, যেখানে উদ্ভাবন ও রূপান্তরের পেছনে কাজ করে অ্যালগরিদম ও ডেটা, সেখানে বড় প্রভাব রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।”
এর আগে ২০২২ সালে এ খেতাব পেয়েছিল ‘পার্মাক্রাইসিস’, যা ব্রিটিশ রাজনীতির উত্থান-পতনের সঙ্গে সম্পৃক্ত। আর ২০২১ সালে সবচেয়ে আলোচিত শব্দ ছিল ‘এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন)’।







